ভারতের শক্তিমান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই

ভারতের মঞ্চ ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই। আজ বুধবার খবর এলে ৮১ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর। তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এখনো তার মৃত্যুর কারণ জানতে পারেনি তার পরিবারের কাছ  থেকে। বিজয় কৃষ্ণের মৃত্যুতে ভারতীয় থিয়েটার এবং সিনেমা জগতে শোকের আবহ তৈরি হয়েছে। 

অভিনেতার বন্ধু, সহকর্মী, শুভাক্ঙক্ষী অনেকেই সোশাল মিডিয়ায় শোক জানানোর পাশাপাশি নানা স্মৃতিচারণও করেছেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালি পারিচালিত প্রেমের উপাখ্যান ‘দেবদাস’ সিনেমায় শাহরুখ খানের বাবা নারায়ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান বিজয় কৃষ্ণ। অনেক ভক্ত এখনো তাকে মনে রেখেছে কঠোর এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন বাবা হিসেবে। 

হৃত্বিক রোশান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘গুজারিশ’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিজয় কৃষ্ণ। এই সিনেমার পরিচালকও ছিলেন বানসালি।বলিউডের বাইরে ভারতীয় থিয়েটার জগতে ব্যাপক পরিচিত ছিলেন এই অভিনেতা। মহেশ দাত্তানির একটি নাটকের ওপর ভিত্তি করে পামেলা রুকস পরিচালিত ‘ডান্স লাইক আ ম্যান’ এ তিনি অভিনয় করেছেন। মঞ্চের এই প্রযোজনায় তিনি ২৫ বছরের বেশি সময় জড়িয়ে ছিলেন। 

মঞ্চ-চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজয় কৃষ্ণ দীর্ঘ সময় গোদরেজ গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। বয়সজনিত কারণে ২০২১ সালে তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। পরিবেশ রক্ষা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি।