আল্লাহর আনুগত্যের দৃঢ়তায় তাকওয়া

ইসলামের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহভীরু, নৈতিক ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করা। এই লক্ষ্য অর্জনের কেন্দ্রবিন্দু হলো তাকওয়া। তাকওয়া কোনো বাহ্যিক আচার নয়, বরং এটি অন্তরের এমন এক গুণ, যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর আনুগত্যে দৃঢ় করে। কোরআন ও হাদিসে তাকওয়ার গুরুত্ব এত ব্যাপকভাবে বর্ণিত হয়েছে যে, তাকওয়াকে মুমিন জীবনের প্রকৃত পরিচয় বলা হয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজ, সব ক্ষেত্রেই তাকওয়ার প্রভাব সুদূরপ্রসারী।

তাকওয়ার অর্থ ও তাৎপর্য : তাকওয়া শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, বাঁচিয়ে চলা। শরিয়তের পরিভাষায়, আল্লাহর ভয় ও ভালোবাসার সমন্বয়ে তার আদেশ পালন করা এবং নিষেধ থেকে বেঁচে থাকাকেই তাকওয়া বলা হয়। তাকওয়ার মূল জায়গা হলো অন্তর। বাহ্যিক আমল তখনই গ্রহণযোগ্য হয়, যখন তা তাকওয়ার আলোকে সম্পাদিত হয়। এজন্যই তাকওয়াকে সব নেক আমলের ভিত্তি বলা হয়েছে।

কোরআনের আলোকে তাকওয়ার গুরুত্ব : পবিত্র কোরআনে তাকওয়ার প্রতি অসংখ্যবার গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ বলেন, ‘হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন।’ (সুরা নিসা ১) এই আয়াত প্রমাণ করে, তাকওয়ার নির্দেশ শুধু মুমিনদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য। আরেক আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াবান।’ (সুরা হুজুরাত ১৩) এখানে বংশ, ধন-সম্পদ বা ক্ষমতার নয়, বরং তাকওয়াকেই মর্যাদার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

হাদিসের আলোকে তাকওয়ার ফজিলত : হাদিসে তাকওয়ার গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মহানবী (সা.) এক ভাষণে নিজের বুকে ইশারা করে তিনবার বলেছেন, ‘তাকওয়া এখানেই।’ (সহিহ মুসলিম) এই হাদিস প্রমাণ করে, তাকওয়ার আসল স্থান হলো অন্তর। বাহ্যিক আমল তখনই মূল্যবান, যখন অন্তরে তাকওয়া বিদ্যমান থাকে। আরেক হাদিসে তিনি বলেন, ‘আল্লাহ তোমাদের দেহ ও সম্পদের দিকে তাকান না, বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।’ (মুসলিম)

তাকওয়া ও গুনাহ থেকে সুরক্ষা : তাকওয়ার অন্যতম বড় উপকারিতা হলো, এটি মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। যে ব্যক্তি তাকওয়াবান, সে গোপন ও প্রকাশ্য সব অবস্থায় আল্লাহকে ভয় করে। ফলে সে অন্যায়, জুলুম, মিথ্যা ও হারাম থেকে নিজেকে বিরত রাখে। কোরআনে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদের জন্য সত্য-মিথ্যার পার্থক্য করার ক্ষমতা দান করবেন।’ (সুরা আনফাল ২৯) এই আয়াতে তাকওয়ার একটি বড় ফল হিসেবে ‘ফুরকান’ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তির কথা বলা হয়েছে।

তাকওয়া ও ইবাদতের সৌন্দর্য : ইবাদতের প্রাণ হলো তাকওয়া। নামাজ, রোজা, জাকাত ও হজ, সব ইবাদত তখনই পূর্ণতা লাভ করে, যখন তা তাকওয়ার সঙ্গে সম্পাদিত হয়। কোরআনে কোরবানি প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘আল্লাহর কাছে পৌঁছায় না তার গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।’ (সুরা হজ ৩৭) এ আয়াত প্রমাণ করে, আল্লাহর কাছে বাহ্যিক কাজের চেয়ে অন্তরের তাকওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

তাকওয়া অর্জনের উপায় : রোজাকে বিশেষভাবে তাকওয়া অর্জনের মাধ্যম বলা হয়েছে। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হও।’ (সুরা বাকারা ১৮৩) তাকওয়া অর্জন কোনো একদিনের কাজ নয়, বরং এটি একটি ধারাবাহিক সাধনা। এর কিছু উপায় হলো- এক. আল্লাহর প্রতি দৃঢ় ইমান। দুই. নিয়মিত কোরআন তেলাওয়াত ও চিন্তা-ভাবনা। তিন. ফরজ ও নফল ইবাদতে যত্নবান হওয়া। চার. গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা। পাঁচ. বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। দুনিয়াতে তাকওয়ার পুরস্কার হলো অন্তরের প্রশান্তি, আল্লাহর সাহায্য ও জীবনে বরকত। আর আখেরাতে তাকওয়াবানদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে জান্নাতুন নাঈম।’ (সুরা কলম ৩৪)

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর