নবীজির সিরাত ঘরে ঘরে পৌঁছাতে চাই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাতচর্চায় নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করছেন অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। সিরাতবিষয়ক তার কার্যক্রমগুলো তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়। পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতের বিভিন্ন আয়োজন নিয়ে কথা বলেছেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ইমরান ওবাইদ

দেশ রূপান্তর : মহানবী (সা.)-এর সিরাত চর্চা, গবেষণা এবং যাপিত জীবনে তা বাস্তবায়ন কতটা গুরুত্বপূর্ণ?

মুফতি হুমায়ুন আইয়ুব : নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকে জানা, বোঝা এবং তা ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা একজন মুমিন হিসেবে আমাদের ইমানের দাবি। আমরা নবীজির জীবনী পড়ব, অন্যকে পড়তে উৎসাহিত করব এবং জীবনে তা বাস্তবায়ন করব। নবীজির জীবনের যত কাছাকাছি আমরা যেতে পারব, তাকে যত গভীরভাবে বুঝতে ও তার আদর্শ অনুযায়ী আমল করতে পারব, ততই আমাদের জীবন সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ হবে এবং আখেরাতে তা পুঁজি হিসেবে কাজে আসবে।

আমরা যারা নানামুখী কর্মের সঙ্গে যুক্ত, তাদের অনেকেই জীবনের কিছু ক্ষেত্রে নবীজির আদর্শ অনুসরণ করি, আবার অনেক ক্ষেত্রেই তা ভুলে যাই। যেমন আমরা যখন মসজিদে থাকি, তখন মুসল্লি হিসেবে নবীজির জীবন ও আদর্শ অনুযায়ী নামাজ আদায় করি। কিন্তু আমরা যখন ব্যবসা করি, চাকরি করি কিংবা বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন নবীজির সিরাত অনুযায়ী নিজেকে সাজাতে ভুলে যাই।

খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, খাবার গ্রহণের আদব ইত্যাদি ক্ষেত্রে আমাদের জীবনে নবীজির সিরাত যতটুকু পরিমাণে চর্চিত, আমাদের লেনদেন, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, চাকরি-বাকরি কিংবা কলকারখানা পরিচালনার ক্ষেত্রে নবীজির আদর্শ ততটা চর্চিত নয়। আমাদের ভাবতে হবে, সর্বক্ষেত্রে আমরা তাকে কতটা অনুসরণ করছি।

নবীজি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ। তাই তাকে জানা, বোঝা এবং তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত, আমার জীবনের প্রতিটি মুহূর্ত, ২৪ ঘণ্টার প্রতিটি সেকেন্ড যেন নবীজির আদর্শ অনুযায়ী পরিচালিত হয়। সেই প্রত্যাশাই আমি করি।

দেশ রূপান্তর : বছর ঘুরে সিরাতের মাস এলেই ‘আওয়ার ইসলাম’ সিরাত নিয়ে নানামুখী উদ্যোগ নিয়ে থাকে। এ পর্যন্ত সিরাত নিয়ে কী কী কাজ করা হয়েছে?

মুফতি হুমায়ুন আইয়ুব : একজন আলেম যখন কোনো পত্রিকার সম্পাদক বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, তখন তার চিন্তা ও কর্মপরিকল্পনায় দ্বীনি ও সামাজিক দায়িত্বের বিষয়গুলোও গুরুত্ব পায়। ‘আওয়ার ইসলাম’ প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের মাথায় ছিল, রবিউল আউয়াল মাস এলে নবীজির সিরাত নিয়ে ছোট-বড় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা।

বিশেষ করে ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ নামে বিশেষ একটি আয়োজন করেছিল আওয়ার ইসলাম। সারা দেশ থেকে হাজার হাজার তরুণ-তরুণী নবীজিকে নিয়ে চিঠি লিখেছিলেন। তারা নবীজির প্রতি ভালোবাসা, তাকে দেখার আকাক্সক্ষা এবং তার আদর্শ অনুসরণের প্রত্যয় তুলে ধরেছিলেন সেই চিঠিগুলোতে।

পরবর্তী সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা পাওয়ার পর আমরা আয়োজন করি ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’। নবীজিকে চিঠি লেখা তরুণদের মধ্য থেকে কয়েকজনকে মক্কা-মদিনা ভ্রমণ এবং পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিতে পেরেছিলাম সেই সময়।

এ ছাড়াও আমরা সিরাতভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছি। গত বছরও সিরাতের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার রামপুরা চৌধুরীপাড়ায় মসজিদে নুরে আমরা ‘সিরাত উৎসব’-এর আয়োজন করেছিলাম। সেখানে সিরাতের বইমেলা, সিরাতবিষয়ক বক্তৃতা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পবিত্র রবিউল আউয়াল মাস এলেই নবীজি (সা.)-কে নিয়ে আলোচনা, গবেষণা এবং তার চিন্তা-দর্শন নিয়ে কাজ করতে ভালো লাগে। নবীজির জীবন ও সিরাতের বই মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়াকেও আমরা আমাদের দায়িত্বের অংশ মনে করি।

দেশ রূপান্তর : এ বছর ‘আওয়ার ইসলাম’ মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে। এখন পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন?

মুফতি হুমায়ুন আইয়ুব : মুমিন মাত্রই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে নবীজি (সা.)-এর আদর্শ অনুসারে। এটা ইমানেরও দাবি। সে হিসেবে নবীজির সিরাত পড়া, জানা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা অপরিহার্য। অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ সিরাতের সেই আদর্শ বাস্তবায়নে প্রতি রবিউল আউয়ালে সিরাতবিষয়ক নানামুখী আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করছে ‘নবীজির (সা.) জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’।

আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমাদের প্রতিযোগিতায় প্রায় আড়াই হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে। আমরা আরও বেশিসংখ্যক মানুষের অংশগ্রহণ আশা করছি। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আমাদের নিবন্ধন কার্যক্রম চলবে। এ প্রতিযোগিতায় মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষার্থীরাই অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের আশার জায়গা। আমাদের তরুণদের হাতে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থটি তুলে দিতে পারছি, এটিও আমাদের জন্য আনন্দের বিষয়।

এ বছরও প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা। সব মিলিয়ে আমরা ৭৫ জন বিজয়ীকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার পুরস্কার প্রদান করব। আগামী দিনগুলোতেও ‘আওয়ার ইসলাম’ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত, তার প্রতি ভালোবাসা এবং তার আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবে, এটাই আমাদের প্রচেষ্টা ও প্রত্যাশা।

সর্বশেষ সর্বাধিক পঠিত