মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের গ-ি ছাড়িয়ে এশিয়ার অন্য অঞ্চলেও ছড়াতে শুরু করেছে। সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে একের পর এক দেশ। সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা।

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা সরকার গতকাল জানায়, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্ক জানিয়েছে, গতকাল ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় ঢোকার পথে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করেছে। চলমান সংঘাতে এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ সরাসরি জড়িয়ে পড়ল।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে সব পক্ষকে সতর্ক করে দিয়ে বলা হয়, এমন কোনো পদক্ষেপ না নেয়, যা এই অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে দেয়। তুরস্ক জানায়, নিজের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ দৃঢ় ও দ্বিধাহীনচিত্তে দেশটি নেবে। তুরস্কের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়ার অধিকার দেশটি সংরক্ষণ করে। এ বিষয়ে ন্যাটো ও অন্য মিত্রদের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যাবে তারা।

এর আগে কমপক্ষে ১৫টি দেশে এ যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধ ছড়িয়ে পড়তে থাকায় বিশ্ব এক অনিশ্চয়তার পথে ধাবিত হচ্ছে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। গতকাল চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে গেছে ইরান ও তার মধ্যপ্রাচ্যের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো। বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

তবে এ যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান হামলায় সহায়তা না করলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ অস্বাভাবিক হুমকির মুখেও নতিস্বীকার না করে, যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান এ সংঘাতকে কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রুশ রুলেট খেলার সঙ্গে তুলনা করেছেন।

এর আগে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের সমালোচনা করে বলেছিলেন, ইরানে হামলা অব্যাহত রাখতে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি ভয়াবহ আচরণ করেছে। এ সময় তিনি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন।

জবাবে সানচেজ বলেন, একটি অবৈধ কাজের উত্তর আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়। তিনি ২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে সতর্ক করে বলেন, সেই যুদ্ধ নিরাপত্তার বদলে বার্লিন দেয়ালের পতনের পর ইউরোপে সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা তৈরি করেছিল।

ইরানে হামলার পর দেরিতে হলেও নিজেদের অবস্থান জানিয়েছে চীন। গত শনিবার থেকে শুরু হওয়া এ সংঘাতের প্রথমবার দেশটির শীর্ষ নেতৃত্ব প্রতিক্রিয়া জানিয়েছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি সংলাপ ও পরামর্শের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সংঘাত আরও বড় হওয়া এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইরানে সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি তেহরানের অন্যতম প্রধান মিত্র চীন ইরানের ওপর অবিলম্বে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে টেলিফোন করে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ইরানের ওপর আরও বড় আকারের হামলা আসছে। কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। তবে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা গেছে। ইরানে হামলা চালাতে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনকে হুমকির আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রশাসনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি। যদিও একপর্যায়ে যুক্তরাষ্ট্রকে ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দেয় ব্রিটিশ সরকার। সাইপ্রাসে নিজেদের এক্রোতিরি ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর, নিকোশিয়ায় রণতরী ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। ঘাঁটিটির প্রতিরক্ষা জোরদারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে জাহাজটি সাইপ্রাসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে লন্ডন। আর ভূমধ্যসাগরে চার্লস ডি গল এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে ফ্রান্স। গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমানবাহিনীর কয়েকশ কর্মকর্তা ও সদস্য।

গতকাল পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটি কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে ন্যাটোর এক মুখপাত্র বলেছেন, আন্তঃআটলান্টিক এ সামরিক জোটটি তুরস্ককে লক্ষ্য করে মিসাইল ছোড়ার কারণে নিন্দা জানিয়েছে। ন্যাটো তার অংশ সব দেশের পাশে দৃঢ়ভাবে আছে বলেও জানান তিনি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশপথ অতিক্রম করে আসে। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মিসাইলটি ভূপাতিত করা হয়। তুরস্কের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ‘ইনসিরলিক ঘাঁটি’ অবস্থিত।

ইরানের যথেষ্ট ক্ষেপণাস্ত্র আছে ইসরায়েল : ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংস করা হয়েছে। তারপরও ইরানের এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উল্লেখযোগ্য সক্ষমতা আছে। গতকাল সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এ কথা বলেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘এত কিছুর পরও ইরানের হাতে উল্লেখযোগ্য সক্ষমতা অবশিষ্ট রয়েছে। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য নয়।’

খামেনির দাফন অনুষ্ঠান স্থগিত : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে খামেনির তিন দিনব্যাপী বিদায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। তবে আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নিজ জন্মশহর মাশহাদে খামেনিকে সমাহিত করার কথা।