ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো: মাইকেল ভন

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুলনায় ইংল্যান্ডের স্পিন আক্রমণ বেশি শক্তিশালী। তিনি মনে করেন, মুম্বাইয়ের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতের বিপক্ষে জিততে পারে।

ভারত টুর্নামেন্টের শুরুতে বড় ফেভারিট ছিল। তবে সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে দলটিকে। অন্যদিকে ইংল্যান্ড এখনো নিখুঁত পারফরম্যান্স না করলেও টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। মাইকেল ভন বলেন, ইংল্যান্ড যেভাবেই হোক জয়ের পথ খুঁজে নিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিও দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে।

তিনি বলেন, 'ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী উইকেট পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অনেক রান দিয়েছেন। বিপরীতে ইংল্যান্ডের আদিল রশিদ, লিয়াম ডসন ও উইল জ্যাকসের স্পিন ত্রয়ী টুর্নামেন্টে সবচেয়ে কার্যকর। পেস আক্রমণে জোফরা আর্চার, স্যাম কারান ও জেমি ওভারটনও দারুণ করছে। পাশাপাশি দলের ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটও দুর্দান্ত।'

তবে ইংল্যান্ডের ওপেনার জস বাটলার টুর্নামেন্টে এখনো ফর্মে নেই। টানা পাঁচ ইনিংসে এক অঙ্কের রান করেছেন তিনি। ভনের মতে, বাটলার নিজের টেকনিক নিয়ে বেশি ভাবছেন, অথচ তার স্বাভাবিক খেলা হওয়া উচিত বল দেখে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া।

আজ ৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ড ও ভারতের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আগের দুই সেমিফাইনালে একবার করে জিতেছে উভয় দল। ২০২২ সালে ইংল্যান্ড জিতেছিল, আর ২০২৪ সালে জয় পেয়েছিল ভারত।