নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত সাড়ে ৪টার দিকে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অজ্ঞাতরা বাবু ও লিটনকে কুপিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে নেয়ার পর বাবু মারা গেছে আর লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।