নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানার পুলিশ নিজ নিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী বা ডিলার সাগরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা করার জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে।
অভিযানে সদর মডেল থানা এলাকায় ১৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা এলাকায় দুই মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা এলাকায় তিন মাদক কারবারিসহ নয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে ১৭ জন মাদকসেবী, সোনারগাঁও থানা এলাকায় দুজন, আড়াইহাজার থানা এলাকায় চারজন এবং রূপগঞ্জ থানা এলাকায় ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। এরই মধ্যে গত তিন দিনে মাদক সংশ্লিষ্টতায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।