টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ভারত এবং ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের মতে, বর্তমান পারফরম্যান্স অনুযায়ী ভারতের চেয়ে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি।
মোহাম্মদ আমির বলেন, ‘এই ম্যাচটা ভালো উইকেটে অনুষ্ঠিত হবে। যদি ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তাহলে তাদের জয়ের সুযোগ বেশি থাকবে। কারণ মুম্বাইয়ে সাধারণত হাই-স্কোরিং ম্যাচ হয়। কিন্তু আপনি যদি ভারতের দিকে তাকান, তাদের হয়ে শুধু একজন বা দুজন ব্যাটারই পারফর্ম করছে। অনেক সময় সেই একজনই দলকে টেনে নেয়, কিন্তু সামগ্রিকভাবে ব্যাটিংটা ফর্মে নেই।’
এর আগে আমির বলেছিলেন, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। কিন্তু ভারত দাপট দেখিয়েই সেমিফাইনালে উঠেছে। আমির তবু দমে যাওয়ার পাত্র নন। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ডই ম্যাচের ফেভারিট। কারণ ইংল্যান্ডও টানা পাঁচ জয়ে সেমিতে উঠেছে। আমির বলেন, ‘ভারতের এই দলটা যে আধিপত্য দেখাবে সেটা নিশ্চিত করে বলা যায় না। আমার মনে হয় ইংল্যান্ডই এই ম্যাচে ফেভারিট।’
ভারতের কয়েকজন ব্যাটারের সাম্প্রতিক ফর্ম নিয়েও মন্তব্য করেন ফিক্সিং করে ক্যারিয়ারের বারোটা বাজানো সাবেক এই পেসার। তার ভাষায়, ‘ইশান কিশান আমাদের বিপক্ষে ভালো খেলেছিল। অভিষেক শর্মা ফর্মে নেই। তিলক ভার্মা তেমন প্রভাব ফেলতে পারেনি। সূর্যকুমার যাদব সুপার এইটে আসার পর থেকে কিছুই করতে পারেনি। সঞ্জু স্যামসন কিছুটা করেছে, আর বুমরাহ নিজের কাজটা করছে।’