সহিংসতা প্রতিরোধে শরীয়তপুরে মাল্টিস্টেকহোল্ডারদের আলোচনা সভা

শরীয়তপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতার প্রতিরোধ ও করনীয় মাল্টিস্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) সম্মেলন কক্ষে এসডিএস, বিএনএনআরসি ও এপিসির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাদিয়া জেরিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএসের উপদেষ্টা মজিবুর রহমান, নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, নুসা'র উপ-নির্বাহী পরিচালক মেরিনা শওকত আলী। সংলাপ পরিচালনা করেন বিএনএনআরসি'র নির্বাহী পরিচালক এএইচএম বজলুর রহমান।  

এ সময় বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি ৯ থেকে ১৪ বছরের শিশুরা প্রথম টিএফজিবিভির শিকার হয়। এছাড়া ১৮ থেকে ৩০ বছরের তরুণীরাও সবচেয়ে বেশি শিকার হচ্ছেন। প্রযুক্তি নির্ভর সহিংসতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বক্তারা। তাই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়াই পারে এমন অপরাধ কমাতে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপের মাধ্যমে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।

এ সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যাংকার, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।