নৌ পুলিশের অভিযানে অবৈধ জালসহ আটক ২৮১

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩,৯৭,২৩,৫২৩ (তিন কোটি সাতানব্বই লাখ তেইশ হাজার পাঁচশ তেইশ) মিটার অবৈধ জাল, ৪,৫০১ (চার হাজার পাঁচশ এক) কেজি মাছ, ৫৬,০০০ (ছাপ্পান্ন হাজার) মাছের পোনা, ৩৫০ (তিনশ পঞ্চাশ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৭৩টি (তিনশ তেয়াত্তর) ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৫টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।

সাত দিনব্যাপী এই অভিযানে ২৮১ জন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ৪৭টি মৎস্য আইন, ৯টি বেপরোয়া গতি আইন, ৮টি অপমৃত্যু, ২টি বালুমহাল, ২টি নদী দুষণ, ১টি চুরি, ১টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৭১টি মামলা করা হয় এবং ৫টি মরদেহ উদ্ধার করা হয়। 

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।