টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিধ্বংসী সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছেন ফিন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৩ বলে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস, যা বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। ম্যাচ শেষে ভারতের মাটিতে এই দুর্দান্ত ব্যাটিংয়ের রহস্য জানালেন কিউই ওপেনার।
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১২.৫ ওভারেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয়। ম্যাচ শেষে ফিন অ্যালেন বলেন, ‘বিশ্বকাপের আগে ভারতে যে সিরিজটা খেলেছিলাম, সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এই ম্যাচেই বোঝা গেছে। কালো মাটির উইকেটে পাঁচটা ম্যাচ খেলেছিলাম। এই ধরনের প্রস্তুতি অন্য কোথাও পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমরা দল হিসেবে অনেক কিছু শিখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা লড়াই করার জন্য প্রস্তুত থাকি এবং শেষ পর্যন্ত টিকে থাকার মানসিকতা আমাদের আছে। আমাদের বোলাররা দারুণ শুরু করেছিল। তারা ম্যাচটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। এমন উইকেটে শুরুতেই উইকেট নিতে পারলে এবং চাপ তৈরি করতে পারলে ব্যাটারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়।’
এদিকে অ্যালেনের ওপেনিং সঙ্গী টিম সেইফার্ট ৩৩ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার প্রশংসায় অ্যালেন বলেন, ‘সে শুধু বাউন্ডারি মেরেই গেছে। পুরো টুর্নামেন্ট জুড়েই সে এটা করে আসছে। সে দুর্দান্ত ফর্মে আছে। টিমির সঙ্গে ব্যাট করা সত্যিই মজার, বিশেষ করে যখন সে এমন মেজাজে থাকে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে কালো মাটির উইকেটে খেলেছিলাম, তাই কেমন পরিস্থিতি হতে পারে সেটা আগেই বুঝতে পেরেছিলাম। এটা এই ম্যাচে খুব কাজে দিয়েছে।’
আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত এবং ইংল্যান্ড। বিজয়ী দলের সঙ্গে আগামী রবিবার শিরোপার লড়াইয়ে নামবে মিচেল স্যান্টনারের দল। বারবার শিরোপার কাছে গিয়ে ফিরে আসা কিউই ওপেনার ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, ‘ফাইনাল খুবই বিশেষ ব্যাপার। জীবনে এমন সুযোগ খুব বেশি আসে না। আশা করি নিউজিল্যান্ডের সবাই আমাদের সমর্থন করবে।’