এবার আজারবাইজানে ইরানের ড্রোন হামলা

আজারবাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ওপর। এতে আহতের সংখ্যা ২। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটিতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একটি ড্রোন স্বায়ত্তশাসিত নাখচিবান এলাকার বিমানবন্দরের টার্মিনাল ভবনে সরাসরি হামলা চালায়, অন্য আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি বিদ্যালয়ের ভবনের কাছে পড়েছে।

এই ড্রোন হামলায় বিমান বন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় আজারবাইজানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।

ইরানি পক্ষকে তীব্র প্রতিবাদ জানানো হবে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পেশ করা হবে, বলেছে আজারবাইজান।