সৌদিতে কাজে যাওয়ার পথে প্রাণ গেল মৌলভীবাজারের রুবেলের

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমেদ। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো তার প্রাণ। 

বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। 

তিনি পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। রুবেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।