কোটালীপাড়াকে মাদকমুক্ত করার অঙ্গীকার এমপি জিলানীর

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, জনগণের সার্বিক সহযোগিতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি এবং মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এস এম জিলানী বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে সম্মানিত করেছেন এবং সাহস জুগিয়েছেন। আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাকে এলাকার উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করার প্রেরণা দিয়েছে। মন্ত্রীদের সঙ্গে কথা বলতে গেলে আমি বুক ভরে এলাকার মানুষের দাবি-দাওয়ার কথা তুলে ধরতে পারি।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে শতভাগ নিরাপত্তার মধ্যে নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে তিনি সব সময় সজাগ থাকবেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়া অঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে। জনগণের সহযোগিতা পেলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়েও কথা বলেন। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং এ কার্ড পেতে কাউকে কোনো ধরনের অর্থ প্রদান করতে হবে না। কেউ যদি কার্ড দেওয়ার নামে অর্থ দাবি করে, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।