মাদকমুক্ত সমাজ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: জিন্নাহ কবীর

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যুদ্ধ ঘোষণা করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিবার (১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধবিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এ জিন্নাহ কবীর বলেন, নির্বাচনের আগে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। এখন এলাকার উন্নয়ন করাই তার প্রধান দায়িত্ব। পাশাপাশি মাদক ও চাঁদাবাজি বন্ধ এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি দূর করা না গেলে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু করেছে। গত ছয় মাসে সরকারি বরাদ্দের অর্থে দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটের উন্নয়ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এসব এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বুলবুল আহম্মেদ গোলাপের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জামাল উদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, শিবালয় উপজেলা বিএনপির সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া, কলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার রহমান, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, কলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান এবং সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ কায়সার নাঈম উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত