পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতা মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিককে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) গ্রেপ্তারের পরে তাকে আদালতে সোপর্দ করেছে বাউফল থানা পুলিশ।
গ্রেপ্তার সিফাত মল্লিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হন। সিফাত মল্লিক কারখানা গ্রামের বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত। পুলিশ মামলার অভিযোগ পত্র দাখিল করলে আদালত কয়েক দফায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে, ২০২৪ সালে তার গ্রেপ্তার পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক ছিলেন সিফাত। গোপন সংবাদের ভিত্তিতে একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ায় পথে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলের প্রতিপক্ষরা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় মামুন গাজী পরিবার বাউফল থানায় মামলা দায়ের করেছিলেন।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।