ভোলার মনপুরায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ইঞ্জিনবিশিষ্ট একটি কাঠের নৌকা, দা, চাপাতি, ছোরা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ও চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বদনার চর ও জংলার খালের মধ্যবর্তী মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী এলাকার জাহিদুল ইসলাম (৩৪), শাহিন সিকদার (২৭), সায়েম গাজী (২৪), পূর্ব লক্ষ্মীপুর এলাকার মো. আনিস মুসল্লী (৩৪), কাটখালী-চরহাদী এলাকার নাঈম হোসেন (২৪) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকার রিয়াজ ফকির (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুভ্রদেব কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি নৌকায় থাকা ছয়জনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশ জানায়, জব্দ করা নৌকাটি ৩৯ ফুট দীর্ঘ এবং দুই ইঞ্জিনবিশিষ্ট কাঠের তৈরি। এর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। নৌকা থেকে তিনটি দা, দুটি চাপাতি, একটি ছোরা, দুটি লোহার পাইপ, একটি প্লাস্টিকের খালি মদের বোতল এবং একটি প্লাস্টিকের বস্তায় থাকা কংক্রিটের ছোট ছোট ব্লক ও ভাঙা চাকতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়।
মনপুরা থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।