টিফিনের টাকা বাঁচিয়ে ইফতার ও সাহরিসামগ্রী বিতরণ

শুধু নয় ইফতার, নিশ্চিত হোক দুবেলার আহার এমন সেøাগানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে টিফিন ও হাতখরচের টাকা বাঁচিয়ে গরিব অসহায় দুস্থ মানুষের মধ্যে ইফতার ও সাহরিসামগ্রী বিতরণ করছে শিক্ষার্থীরা। ১ রমজান থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে, যা রমজান মাস জুড়েই চলবে। 

দেশের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যয়নরত হিলির ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে তোলা হয় তারুণ্য শক্তি নামের স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা তাদের বাবা-মায়ের দেওয়া টিফিন ও হাতখরচের টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে গরিব অসহায় দুস্থদের সহায়তা করে আসছে। ২০১৮ সালে গড়ে তোলা এই সংগঠনটির সদস্য সংখ্যা ১৬০। তারা করোনা মহামারীর সময় থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। রমজান ও সাহরি সহায়তা প্যাকেজের মধ্যে থাকছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, আধা কেজি খেজুর, শরবতের মিনিপ্যাক।

বিনামূল্যে ইফতার ও সাহরিসামগ্রী পেয়ে মানুষ দারুণ খুশি। তাদের মধ্যে আয়েশা খাতুন বলেন, ‘খাবার পাওয়াতে আমাদের মতো মানুষের বেশ সুবিধা হলো। যেহেতু এক মাস ইফতারি সাহরি খাওয়া-দাওয়ার আমাদের কষ্ট। এখন এই খাবারটুকু পাওয়ায় তা দিয়ে আমাদের ইফতারি বা সাহরির খাওয়া-দাওয়ার সুবিধা হলো।

তারুণ্য শক্তির সভাপতি নুশরাত ফারিয়া শৈলী বলেন, আমাদের রমজানের এই কার্যক্রম, যেটা আমাদের ‘শুধু নয় ইফতার, নিশ্চিত হোক দুবেলার আহার।’ এই প্রতিপাদ্যটা এসেছে আসলে বিগত তিন বছর থেকে। প্রথমে আমরা ইফতারি বিতরণ করতাম।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, তারুণ্য শক্তি নামের স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই।