নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজান মাস জুড়ে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় বিদ্যুৎ সাশ্রয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম ভাষণে যা যা থাকবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন একাধিক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অতিরিক্ত প্রেস সচিব বলেছেন, সভার শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা বজায় রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ : অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের জন্য কক্ষের জানালার পর্দা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সব কক্ষে এ নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার বৈঠকেও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শপিং মল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘আজকের মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। এসব প্রশিক্ষণ কেন্দ্রে দেশি-বিদেশি শিক্ষকদের রাখতে বলেছেন। এর ফলে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা শিখে বিদেশে চাকরির সুযোগ পাবে।’

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণ করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।

তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই : রুমন জানিয়েছেন, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের বিমানবন্দরের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকান্ড১৭ আসনে ভঙ্গুর মন্দির সংস্কার : প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ নির্বাচনী আসনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন বলেও জানান অতিরিক্তি প্রেস সচিব। তিনি জানান, নির্বাচনের প্রচারণার সময়ে ঢাকান্ড১৭ আসনে মহাখালী ক্যানসার হাসপাতালে কাছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির রয়েছে, তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই মন্দিরের সংস্কারকাজ আগামী শনিবার শুরু করতে বলেছেন তিনি। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক যথাক্রমে আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকান্ড১৭ আসনে তারেক রহমানের নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে : মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপ ও উদ্যোগগুলো প্রতিফলন থাকবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো এ ভাষণে গুরুত্ব পাবে।’

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম-আলেম-উলামা-মাশায়েখ সম্মানে দুটি ইফতার আয়োজন করছেন। এ দুটি হবে যমুনায়।’

এ ছাড়া প্রধানমন্ত্রী রাজনীবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও এর সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন।