অমর একুশে বইমেলার ইতিমধ্যেই আট দিন পেরিয়েছে। মেলার প্রায় মাঝামাঝি সময়ে এসে দর্শনার্থীদের পদচারণা বেড়েছে মেলাপ্রাঙ্গণে। ফলে বইয়ের বিক্রিও বেড়েছে বেশ। পাঠকরা শুরুর দিকে এসে ছবি তুলে বিদায় নিলেও এখন অধিকাংশ পাঠকই বই কিনেই ঘরে ফিরছেন। গতকাল বৃহস্পতিবার বইমেলার অষ্টম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৯২টি। এ নিয়ে আট দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৭৪টি। গতকাল অমর একুশে বইমেলার তথ্যকেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুর ২টায় মেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।
বইমেলায় এখন পর্যন্ত প্রকাশিত বইগুলোর মধ্যে সর্বাধিক এসেছে কবিতার বই। বইমেলায় এ পর্যন্ত ১১২টি কবিতার বই প্রকাশিত হয়েছে। তাছাড়া গদ্য ৪৫টি এবং উপন্যাসের বই প্রকাশিত হয়েছে ৫৯টি। মেলায় দর্শনার্থীদের পছন্দের বইয়ের মধ্যে উপন্যাস, থ্রিলার, সাহিত্য, অনুবাদধর্মী বই উল্লেখযোগ্য।
লেখক-প্রকাশকদের মতে, প্রথম দিকে বইমেলা মানুষের পদচারণায় মুখরিত থাকলেও বই কিনতে আসা পাঠকের সংখ্যা তুলনামূলক কম ছিল। কিন্তু দিন যত গড়াচ্ছে বিক্রি বেড়েছে কয়েকগুণ। মেলায় প্রতিনিয়ত নতুন নতুন বই এলেও পুরাতন বইয়ের প্রতি আগ্রহ বেশি। পাঠক নতুন বই কিনছেন, তবে পুরাতন সাহিত্য, উপন্যাস, থ্রিলার ও অনুবাদধর্মী বইগুলো বেশি পছন্দ করছেন।
রাজধানীর রামপুরা থেকে আসা দর্শনার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আজকে বই কিনতে এসেছি। আর হয়তো আসা হবে না। কিছু পছন্দের বই আছে। সেগুলো কিনে চলে যাব।
অনন্যা প্যাভিলিয়নের এক বিক্রয়কর্মী বলেন, প্রথম দিকে মানুষ বই কিনতে খুব কমই আসত। কিন্তু দিন যত যাচ্ছে ক্রেতার সংখ্যা বাড়ছে।
আদর্শ প্রকাশনীর দুজন বিক্রয়কর্মী বলেন, দিন যত গড়াচ্ছে মানুষ বাড়ছে। মানুষ বাড়া মানে বিক্রিও বেশি। শুক্র ও শনিবার আরও বেশি দর্শনার্থী আসবেন এবং শেষ দিকে আরও বিক্রি বাড়বে বলে আশা করছি।
গতকালের আয়োজন : বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবর্ষ : সুকান্ত ভট্টাচার্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুমন সাজ্জাদ। আলোচনায় অংশ নেন আহমেদ মাওলা। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
সুমন সাজ্জাদ বলেন, বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ আখ্যা পেলেও সুকান্ত ভট্টাচার্যের কবিতা মোটেই কিশোরসুলভ চপলতায় আচ্ছন্ন নয়। ভাবাদর্শিকভাবে কবি সুকান্ত হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক। তাই তার কবিতায় চিত্রিত হয়েছে কাশ্মীর, স্তালিনগ্রাদ ও প্যারিসের সংগ্রামী ছবি। মূলত ঔপনিবেশিক ইতিহাস বোঝার ক্ষেত্রে মার্কসবাদ সুকান্তকে সহায়তা করেছে। তার কবিতায় আমরা পাই উপনিবেশ কিংবা ‘বিদেশি শাসনে’র সুস্পষ্ট উল্লেখ। ঔপনিবেশিক শাসনের সমালোচনা আর ভারতীয় অঞ্চলের জাতীয় আন্দোলন ও মুক্তির আকাক্সক্ষা উচ্চারিত হয়েছে তার কবিতায়।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি আসাদ কাজল। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শোভা চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শাকিলা মতিন মৃদুলা এবং সালমা সুলতানা। সংগীত পরিবেশন করেন আব্দুল লতিফ শাহ, এলাহী মাসুদ, ডলি ম-ল, শামীম সালাম, সাইফুল ইসলাম, মো. আলতাফ হোসেন ও জাকির হোসেন আখের।
আজ মেলায় আসা কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে কথাপ্রকাশ থেকে ইমতিয়ার শামীমের ‘আমরা হেঁটেছি যারা’, কাব্যকথা থেকে আরিফ মঈনুদ্দীনের ‘বহুদূর থেকে ভেসে আসা সুর’, পাঞ্জেরী থেকে অলীন বাসারের ‘আয়নার ওপাশে’
আজকের সময়সূচি : আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে শিশুপ্রহর। বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ : কলিম শরাফী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অনিমা রায়। আলোচনায় অংশ নেবেন সাইম রানা। সভাপতিত্ব করবেন সাধন ঘোষ। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।