বিল নিয়ে বিরোধ, প্রধান শিক্ষক-হিসাবরক্ষণ কর্মকর্তা হাতাহাতি

চট্টগ্রামের ফটিকছড়িতে বেতন সংক্রান্ত বিলের জটিলতাকে কেন্দ্র করে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে অন্য কর্মকর্তারা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন একটি পুরোনো বিল উত্তোলনের জন্য উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে যান। এ সময় হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বিলুসংক্রান্ত নথিপত্রে কিছু আইনি জটিলতার কথা উল্লেখ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বেতনসংক্রান্ত বিলের ফরম জমা দিতে হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়েছিলেন তিনি। তবে বিল নিষ্পত্তি না করে বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করা হয়। এতে বিরক্ত হয়ে বিলের ফরম নিয়ে চলে আসতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট বিলগুলোর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো গ্রহণ করা সম্ভব হয়নি। পরে প্রধান শিক্ষক অফিস থেকে তার পূর্ববর্তী বিদ্যালয়ের কিছু নথি নিয়ে চলে যেতে চাইলে বাধা দেওয়া হয়। তখন উত্তেজনার সৃষ্টি হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহিম বলেন, উভয় পক্ষের মধ্যে ভুলুবোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছিল। পরে বিষয়টি পরিষ্কার হলে দুই পক্ষই একে অপরের কাছে দুঃখ প্রকাশ করেছেন।