হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সাথে দেখা করে দোয়া নেন প্রতিমন্ত্রী। মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সাথে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে আমিরে হেফাজতের সাথে দেখা করতে এখানে আসতে উদগ্রীব ছিলাম। আজ হুজুরের দোয়া নিতে ফটিকছড়ি আসলাম।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ন্যায়-নীতি অনুসরণ করে ও আদর্শ ধারণ লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।
এ সময় হেফাজত নেতৃবৃন্দ, প্রশাসনের কমকর্তা, আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামা উপস্থিত ছিলেন।