বাহরাইনের বেসামরিক স্থাপনায় হামলা চালাল ইরান

বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। শুক্রবারের (৬ মার্চ) হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল। বর্তমানে একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টাপাল্টি ঘটনা ঘটছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে, যার মধ্যে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও অন্তর্ভুক্ত। এ কারণে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশটি নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।