জনসাধারণকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ বাহরাইনে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

বাহরাইনে জনসাধারণকে আবারও নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য বিপদের সতর্কবার্তার অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) দ্বিতীয়বারের মতো এ নির্দেশনা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় এ আহ্বান জানায়। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করার দুই দিন পর এই সতর্কবার্তা জারি করা হলো।

বিবৃতিতে নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের শান্ত থাকার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়া এবং পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কী ধরনের বিপদ বা হুমকির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সম্প্রতি একই ধরনের সতর্কবার্তা জারি করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখনও নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত