সাভারে পৃথক অভিযানে ৩৫৫ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার বক্তারপুর বেঁদেপাড়া মহল্লায় ও আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌর এলাকার বক্তারপুর বেঁদেপাড়া মহল্লার শামসুল ইসলামের ছেলে চঞ্চল মাহমুদ (৩২), একই মহল্লার মৃত আইজলনির ছেলে মিজানুর রহমান বাঘা (৩৮), মৃত শাহজাহান মোল্লার ছেলের নিয়ামত মোল্লা (৬৫) ও আশুলিয়ার জামগড়া এলাকার ইউসুফ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের বক্তারপুর মহল্লার বেঁদেপাড়ায় গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চঞ্চল মাহমুদ ও মিজানুর রহমান বাঘাকে আটক করে। পরে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে নিয়ামত মোল্লাকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেনকে আটক করে।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫৫ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।