আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়ার সাগরে আটকে পড়া জ্বালানি তেল কেনার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগের পক্ষ থেকে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে ৩০ দিনের জন্য।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের অপচেষ্টা প্রতিহত’ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এটি একটি ‘সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ’। যেহেতু এই সিদ্ধান্ত কেবল সমুদ্রে আটকে পড়া তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর ফলে রাশিয়ার সরকার বড় ধরনের কোনো আর্থিক সুবিধা পাবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিভিন্ন তেল আমদানিকারক দেশ রাশিয়ার বিকল্প খুঁজতে বাধ্য হয়।
রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতা ভারত। ইউক্রেন যুদ্ধের তহবিল কমাতে ভারত যাতে রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয়, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ প্রয়োগ করে আসছিল ওয়াশিংটন। এই প্রেক্ষাপটেই ভারতকে দেওয়া সাময়িক ছাড়কে কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকেরা গুরুত্বপূর্ণ বলে দেখছেন।