চীনের বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২০

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

চীনের একটি বন্দরে কার্গো জাহাজে আগুন লাগার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

উত্তর-পূর্বাঞ্চলীয় চীনের গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাও বন্দরে জাহাজটি মেরামতের জন্য নোঙর করা ছিল। জাহাজটির মালিকানা বেইহাই শিপবিল্ডিং কোম্পানির।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত একটি ছবিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ বলে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে জরুরি ভিত্তিতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দিয়েছেন।

এএফপিকে পাশের একটি আবাসিক এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি জাহাজ থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেছেন। তবে কোনো বিস্ফোরণের শব্দ শোনেননি এবং আগুনের শিখাও দেখতে পাননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত