ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই তেল আবিবে অদ্ভুত এক বিয়ের আয়োজন করেছেন ইসরাইলি যুগল লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। পুরো দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ থাকায় তারা পূর্বনির্ধারিত বিয়ের দিন বাতিল না করে শহরের একটি চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে অনুষ্ঠান সম্পন্ন করেন।
মূলত পেতাহ টিকভায় বিয়ের পরিকল্পনা করেছিলেন নবদম্পতি। তবে চলমান যুদ্ধের কারণে সেই স্থান ব্যবহার সম্ভব হয়নি। পরে একই তারিখে তারা ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, বিয়ের আয়োজন করেন।
মারিয়ানোফের পরিবার আর্জেন্টিনা থেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। তাই নবদম্পতি অনুষ্ঠান পিছিয়ে দিতে চাননি। অল্প সময়ের নোটিশে তারা বন্ধু ও আত্মীয়দের নতুন ঠিকানায় আসার জন্য জানিয়ে দেন।
বিয়েতে অতিথিদের মধ্যে প্রায় ৩০ শতাংশ ছিল পরিবার ও ঘনিষ্ঠজন। বাকি উপস্থিত ছিলেন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সাধারণ ইসরাইলিরা, যারা আনন্দের সঙ্গে বিয়ের উদযাপনে অংশ নেন।
ইসরায়েলি চ্যানেল ১৩–কে বুধবার (৪ মার্চ) সাক্ষাৎকারে মারিয়ানোফ বলেন, 'মানুষ শুধু আমাদের উদযাপন করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বর্ণনা করা কঠিন।'
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর দীর্ঘদিন ধরে বিয়ের ভবিষ্যৎ নিয়ে তারা নানা আবেগের মধ্যে ছিলেন। মঙ্গলবার (৩ মার্চ) বিয়ের আনন্দে মেতে থাকা অবস্থায় কয়েকবার সাইরেন বাজলেও, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে অনুষ্ঠান চালিয়ে যান।
ল্যাসরি বলেন, 'এটা ছিল অবিশ্বাস্য। সব কিছুর মধ্যেও আমরা আমাদের বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল, এবং আমরা আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি।'