পিতলের বারকে ‘স্বর্ণ’ বলে প্রতারণার চেষ্টা, ঢামেকে হাতেনাতে ধরা প্রতারক!

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সতর্কতায় এক প্রতারক ও এক মোবাইল চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আনসার সদস্যদের এমন সাহসী ও পেশাদার পদক্ষেপে বড় ধরনের প্রতারণা ও চুরির হাত থেকে রক্ষা পেয়েছেন সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকায় রনি আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। রনি সাধারণ মানুষকে স্বর্ণের বার সদৃশ একটি পিতলের বার দেখিয়ে প্রলোভন দিচ্ছিলেন এবং প্রতারণার চেষ্টা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিউটিরত আনসার সদস্যরা তাকে তল্লাশি করে আটক করেন। আটক রনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার জামতলা বাজার এলাকার বাসিন্দা।

এই ঘটনার কিছু সময় পরেই দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে মোবাইল চুরির ঘটনা ঘটে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেলাল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং সেটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়। আটক বেলাল বগুড়া জেলার শিবগঞ্জ থানার পিরফ হাট মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

পুরো অভিযানে নেতৃত্বে ছিলেন এপিসি মোঃ সুজাত মোল্লা এবং আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন। তাদের তৎপরতায় সাধারণ মানুষের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আটককৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, ঢাকা মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সর্বদা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, আনসার সদস্যদের এই কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।