ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলে লেবানন সীমান্তে সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন। ইসরায়েলের আর্মি রেডিও এই তথ্য নিশ্চিত করলেও আহত সেনাদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
সীমান্ত এলাকায় চলমান সংঘাতে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হন। তাদের মধ্যে স্মর্টিচের ছেলেও রয়েছেন বলে সামরিক বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জোরদার করেছে। সম্প্রতি লেবাননে স্থল অভিযানও শুরু করেছে তারা। কট্টরপন্থী হিসেবে পরিচিত ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচ এর আগে বৈরুতের একাংশকে গাজার খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নিহত হন। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়। লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাচ্ছে।