বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবিতে আবৃত্তিশিল্পীরা। তারা বলেছেন, সাম্প্রতিক সংশোধিত অধ্যাদেশে শিল্পকলা একাডেমির বিভাগ সংখ্যা বৃদ্ধি পেলেও আবৃত্তির মতো গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যমকে উপেক্ষা করা হয়েছে, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য হতাশাজনক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের’ ব্যানারে শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র ‘আবৃত্তি বিভাগ’ অন্তর্ভুক্তির দাবিতে প্রতিবাদী আবৃত্তি ও সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি জারি হওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এ একাডেমির বিভাগ সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯টি করা হয়েছে। নতুন করে আলোকচিত্র, পারফর্মিং আর্টস, নিউ মিডিয়া ও সাংস্কৃতিক ব্র্যান্ডিংসহ বিভিন্ন বিভাগ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ‘নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ’কে আলাদা করে দুটি বিভাগ করা হয়েছে এবং ‘সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ’ ভেঙে সংগীত ও নৃত্যভিত্তিক পৃথক বিভাগ গঠন করা হয়েছে। তবে পুরো অধ্যাদেশে কোথাও ‘আবৃত্তি’ শব্দটি অন্তর্ভুক্ত না থাকায় আবৃত্তিশিল্পীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন থেকে আবৃত্তিশিল্পীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ পুনর্বিবেচনার মাধ্যমে একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।