পুলিশকে নৈতিকতা ও সদাচরণের আহ্বান আইজিপির

পুলিশ সদস্যদের জীবন নৈতিকতা ও সদাচরণে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে। তাদের জীবন ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে গড়ে তুলতে হবে।

গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে ‘পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করিম। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় আজানে চট্টগ্রাম জেলার কনস্টেবল মনিরুল ইসলাম প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এএসআই (সশস্ত্র) ওমর ফারুক তৃতীয় হয়েছেন। কেরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার আব্দুল আউয়াল প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় ও ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম তৃতীয় হয়েছেন। হামদ ও নাতে ১১ এপিবিএনের কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক রাকিবুল ইসলাম দ্বিতীয় ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কনস্টেবল এস এম মশিউর রহমান তৃতীয় হয়েছেন।