মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হলেই ইরান হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (০৭ মার্চ) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না, তবে কোনো দেশের মাটি ব্যবহার করে যদি ইরানের ওপর আক্রমণ চালানো হয়, তাহলে তার জবাব দিতে বাধ্য হবে তেহরান।
প্রতিবেশী দেশগুলোর প্রতি ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট আরও বলেন, গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে— তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। কারণ ইরানের জনগণ কখনও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে মাথা নত করবে না এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে কখনও আপস করবে না।
হামলা বন্ধে শর্ত দিয়ে তিনি বলেন, ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানে হামলা বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।
সূত্র: রয়টার্স