দেশের বাজার থেকে ভারতে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংক পরিমাপ করার পরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই তেল পরিমাপ কার্যক্রম শুরু করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এর আওতায় প্রতিটি ভারতীয় পণ্যবাহী গাড়ির ট্যাংকে কী পরিমাণ জ্বালানি তেল রয়েছে, তা প্রথমে যাচাই করা হচ্ছে। পরে সেটি রেকর্ড করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। একইভাবে, পণ্য খালাস করে ভারতের ফেরত পথেও পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। এতে করে বাংলাদেশে প্রবেশের সময় ট্যাংকে যে পরিমাণ তেল ছিল, ফেরার সময় তা অপরিবর্তিত আছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশের বাজার থেকে ভারতে জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরও জানান, শুধু তেলের ট্যাংক নয়, পুরো গাড়ি তল্লাশি করে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্তের অন্যান্য পয়েন্টেও নজরদারি বাড়ানো হয়েছে।