মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে ফের কারাগারে চিন্ময় কৃষ্ণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

প্যারোলে মুক্তির পর বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস তাঁর প্রয়াত মা সন্ধ্যা রানী দাস ওরফে রস মঞ্জুরী মাতাজীর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে তাঁকে কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তিনি শেষকৃত্যে উপস্থিত হন।

শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের সদস্য, স্বজন ও অনুসারীরা উপস্থিত ছিলেন। মায়ের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সময় চিন্ময় কৃষ্ণ দাসকে আবেগাপ্লুত দেখা যায়।

এর আগে মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তাঁর ভাই অঞ্জন কুমার ধর চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আবেদনটি অনুমোদন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর পাঁচ ঘণ্টার জন্য তাঁকে কারাগার থেকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। বেলা ৩টা ৪০ মিনিটে তাঁকে কারাগার থেকে বের করা হয়। পরে বিকেল ৫টা ৫ মিনিটে তাঁকে উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে নেওয়া হয়। মায়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পুণ্ডরীক ধাম থেকে তাঁকে পুনরায় চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে চিন্ময় কৃষ্ণ দাসের মা ক্যান্সারে আক্রান্ত সন্ধ্যা রানী ধর (৭১) শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত