যশোরে প্রতারণার অভিযোগে নারীকে ধরে পুলিশে সোপর্দ

যশোরে চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত মাহমুদা নামে এক নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে শহরের বড়বাজারের এইচএমএম রোড এলাকা থেকে তাকে ধরে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা জানায়, মাহমুদা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বিশেষ করে ইন্স্যুরেন্সের নামে টাকা নেওয়া, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এবং নানা সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা অভিযোগ রয়েছে।

শনিবার (৭ মার্চ) কয়েকজন ভুক্তভোগী তাকে এলাকায় দেখতে পেয়ে তাকে ধরে ফেলে। অন্যরা এ খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ভুক্তভোগীদের ক্ষোভের মুখে পড়ে ওই নারী। এ সময় কয়েকজন তাকে মারধরও করেন।

ভুক্তভোগীরা জানান, মাহমুদা এলাকায় ‘মামলাবাজ’হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করে হয়রানি করতেন।

তারা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি যশোর-৪ আসনের মনোনয়নপত্রও কিনেছিলেন। ব্যক্তিগত জীবন নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে।

এবিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।