প্রবাস জীবনের নিঃসঙ্গতা, সম্পর্কের ভাঙন ও বন্ধুত্বের গভীরতা নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।
মনস্তাত্ত্বিক গল্পে নির্মিত টেলিছবিটি পরিচালনা করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর ট্যাগলাইন রাখা হয়েছে ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’।
টেলিছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান এবং এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।
গল্পের মূল উপজীব্য প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বেদনা, বন্ধুত্বের মানসিক আশ্রয়, আত্মহত্যার পেছনে কাজ করা নীরব মানসিক ভাঙন এবং সময়ের সঙ্গে স্মৃতিতে রয়ে যাওয়া সম্পর্কের আবেগ। এসব বিষয়কে কেন্দ্র করেই টেলিছবিটির কাহিনী এগিয়েছে।
গল্প প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক অজানা কষ্ট ও না বলা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মানুষের ভেতরের লুকানো বেদনার দিকটি দর্শক অনুভব করতে পারবেন এবং টেলিছবিটি তাদের ভালো লাগবে।’
এমদাদ ভূঁইয়া রাজু দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে টেলিছবিটি।