হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মোকাবিলায় নতুন মার্কিন সামরিক স্থাপনা চিহ্নিত করার কাজ শুরু করেছে। ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এসব লক্ষ্যবস্তু চিহ্নিত করা হচ্ছে।

শনিবার (৭ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণ ধ্বংসের জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। তার এই ঘোষণার পরই ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি আসে।

ইরানি ওই কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মার্কিন সামরিক স্থাপনা, বিমানঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখন তাদের নজরদারিতে রয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর সেগুলো ভবিষ্যতে প্রতিরোধমূলক বা প্রতিশোধমূলক যে কোনো পদক্ষেপের জন্য ব্যবহার করা হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন-ইরান সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইরানের পাল্টা পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে চলমান এই বাকযুদ্ধ যেকোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে।