মারমুশের জোড়া গোলে এফএ কাপের শেষ আটে ম্যান সিটি

মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশের দুর্দান্ত জোড়া গোলে ম্যানচেস্টার সিটি এফএ কাপের পঞ্চম রাউন্ডে ৩–১ ব্যবধানে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। এই জয়ে টানা অষ্টমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল পেপ গার্দিওলার দল।

ইংল্যান্ডের সেন্ট জেমস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল স্বাগতিক নিউক্যাসলের দাপটে। ম্যাচের ১৮ মিনিটে হার্ভি বার্নস সান্দ্রো টোনালির পাস থেকে দুর্দান্ত কার্লিং শটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় সিটি। ৩৯ মিনিটে সাভিনিও জেরেমি দকুর ক্রস থেকে গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সিটি। ৪৭ মিনিটে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন মারমুশ। এরপর ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন এই মিশরীয় ফরোয়ার্ড, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচ শেষে মারমুশই হন ম্যাচসেরা। নিউক্যাসলের বিপক্ষে তিনি এখন পর্যন্ত ছয় ম্যাচে সাত গোল করেছেন, যা দলটির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এডি হাওর দল। বিশেষ করে রক্ষণভাগে দুর্বলতার কারণে সিটির গোলগুলো ঠেকানো সম্ভব হয়নি। নিউক্যাসলের জন্য এই প্রতিযোগিতা ছিল মৌসুমের সম্ভাব্য শিরোপা জয়ের অন্যতম সুযোগ। কিন্তু পরাজয়ে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে গেল।

ম্যানচেস্টার সিটির কোচ পপ গার্দিওলা এই ম্যাচে সাহসী সিদ্ধান্ত নিয়ে দলে বড় পরিবর্তন আনেন। নিয়মিত তারকা আর্লিং হালান্ডসহ কয়েকজনকে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেন তিনি। শুরুতে গোল হজম করলেও সিটির খেলোয়াড়েরা দ্রুত ম্যাচে ফিরে এসে দাপট দেখায়। শেষ পর্যন্ত মারমুশের দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

আগামী সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেড খেলবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগে।