ভারত নয়, নিউজিল্যান্ডই চ্যাম্পিয়ন হবে -ফের ভবিষ্যদ্বাণী আমিরের

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে আবারও ভবিষ্যদ্বাণী 

করেছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার মতে, ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতবে নিউজিল্যান্ড।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগে এক আলোচনায় আমির বলেন, নিউজিল্যান্ড দল হিসেবে ভারতের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, “সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড যে পারফরম্যান্স করেছে, সেটি ছিল সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স। তারা টুর্নামেন্টজুড়েই দল হিসেবে ভালো খেলছে।”

ভারতের সাফল্যকে তিনি মূলত দুই ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল বলে মনে করেন। আমিরের ভাষায়, “ভারতের দিকে তাকালে আমি এখনো মনে করি তারা মূলত দুই খেলোয়াড়ের কারণে জিতছে। জাসপ্রিত বুমরাহ এবং সঞ্জু স্যামসন ম্যাচে বড় প্রভাব ফেলছে।”

বোলিং আক্রমণের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে আছে বলেও মনে করেন এই সাবেক পেসার, “আমার মনে হয় বোলিং বিভাগে নিউজিল্যান্ড ভারতের চেয়ে ভালো ফর্মে আছে। বুমরাহ ছাড়া ভারতের অন্য বোলাররা খুব একটা ছন্দে নেই। তাছাড়া বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া—দুজনই সংগ্রাম করছে।”

আমিরের মতে, ব্যাটিং শক্তিতে দুই দল প্রায় সমান হলেও পার্থক্য তৈরি করতে পারে বোলিং বিভাগ। তিনি বলেন, “দুই দলেই ভালো ব্যাটার আছে। কিন্তু নিউজিল্যান্ডের বোলিং এখন ফর্মে, আর ভারত খুব বেশি নির্ভর করছে বুমরাহর ওপর। তাই আমি মনে করি নিউজিল্যান্ডই জিতবে।”

এদিকে টুর্নামেন্টজুড়ে ভারতের ওপেনার অভিষেক শর্মাকেও সমালোচনা করে আসছেন আমির। তার মতে, অভিষেকের ব্যাটিং স্টাইল “একই ধরনের” এবং এই পর্যায়ে সফল হওয়ার জন্য আরও বৈচিত্র্য দরকার।

ফাইনালের আগে এই মন্তব্যগুলো ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আমিরের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, নাকি স্বাগতিক ভারতই শিরোপা ধরে রাখে।