ফাগুনের শেষ দিকে হঠাৎ ঘন কুয়াশায় পদ্মা নদীতে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে গুরুত্বপূর্ণ এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভোর থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সকাল ৭টার দিকে কুয়াশার অস্বাভাবিক বাড়ায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় নদীপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। নৌ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এ সময় মাঝনদীতে শাহ পরান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের দুটি ফেরি আটকা পড়ে ছিল। কুয়াশা ঘনত্ব কমে এলে ফেরিগুলোকে নিরাপদে ঘাটের দিকে চলাচলের অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন-বিআইডব্লিউটিসি উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা যাচ্ছিল না। তাই সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে আবারও এ নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।