টি–টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করছেন ভারতের উইকেটকিপার–ব্যাটার সঞ্জু স্যামসন। তার এই পারফরম্যান্সের পেছনে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সমর্থনকে বড় কারণ হিসেবে দেখছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার।
পিটিভি স্পোর্টসের অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’–এ শোয়েব বলেন, দলে স্যামসনকে ফেরানো সহজ সিদ্ধান্ত ছিল না। বরং তাকে খেলানোর জন্য দল ব্যবস্থাপনার ভেতরে গম্ভীরকে জোরালোভাবে অবস্থান নিতে হয়েছে। তার ভাষায়, ‘স্যামসন ২০১৪ সাল থেকেই ভারতের ক্রিকেটে আছে। আমি যখন ২০১৫ সালের দিকে ভারতে কাজ করতাম, তখন তাকে নিয়ে অনেক হাইপ ছিল। কিন্তু নিয়মিত সুযোগ পেতে তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তখন দলে উইকেটকিপার হিসেবে মাহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিকদের মতো ক্রিকেটার ছিল। এখনও গম্ভীরকে লড়াই করেই তাকে দলে নিতে হয়েছে। মূলত অনেক আলোচনার পর তাকে দলে নেওয়া হয়েছে। সে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেনি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর কার্যত নকআউট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফেরেন স্যামসন। সুযোগ পেয়েই দারুণভাবে নিজেকে প্রমাণ করেন তিনি। কলকাতায় সেই ম্যাচে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জয়ের পথে নিয়ে যান। সেমিফাইনালেও সেই ফর্ম ধরে রাখেন এই ডানহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে ২৩২ রান করেছেন স্যামসন। তার গড় ৭৭.৩৩ এবং স্ট্রাইক রেট ২০১.৭৩। এর মধ্যে রয়েছে দুটি হাফসেঞ্চুরি; যেগুলো সেঞ্চুরির চেয়েও মূল্যবান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংসটিই এখন পর্যন্ত তার সর্বোচ্চ। সেমিফাইনালে ৮৯ রানের ইনিংস খেলে ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন স্যামসন। টি–টোয়েন্টি বিশ্বকাপের নক-আউট ম্যাচে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল কোহলির। ২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৪৭ বলে অপরাজিত ৮৯ রান।
ছক্কা হাঁকানোর দিক থেকেও এবার সবার ওপরে স্যামসন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছেন তিনি। এতে ভেঙে গেছে রোহিত শর্মার রেকর্ড। ২০২৪ বিশ্বকাপে এক আসরে ১৫টি ছক্কা মেরে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন রোহিত। সব মিলিয়ে স্যামসনের ব্যাটিং ঝড়েই এখন ফাইনালের স্বপ্ন দেখছে ভারত জাতীয় ক্রিকেট দল।
ফাইনালের আগে ছেলের অনুশীলন দেখলেন বাবা, করলেন প্রার্থনা
ভারত নয়, নিউজিল্যান্ডই চ্যাম্পিয়ন হবে -ফের ভবিষ্যদ্বাণী আমিরের