আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আর কয়েকঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে ভারতের একাদশ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। তরুণ ওপেনার অভিষেক শর্মা এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে ফাইনালের একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি অভিষেক। বিধ্বংসী এই ব্যাটার প্রথম তিন ম্যাচে ‘ডাক’ মেরে এখন পর্যন্ত টুর্নামেন্টে করেছেন মাত্র ৮০ রান। একমাত্র উল্লেখযোগ্য ৫৫ রানের ইনিংসটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এক টেলিভিশন আলোচনায় গাভাস্কার বলেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত। অভিষেক শর্মা আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার, কিন্তু সে তার আউট হওয়ার ধরন থেকে কিছুই শেখেনি।’
ভারতের কিংবদন্তি ওপেনার ফাইনালের জন্য নতুন ওপেনিং জুটির পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, ‘বোলাররা একই জায়গায় বল করছে, যেখানে তার শট খেলতে সমস্যা হচ্ছে। সে এখনও নিজের পদ্ধতি বদলাতে পারেনি। এটাই আমার উদ্বেগ। আমি চাই ঈশান কিশান ও সঞ্জু স্যামসন ওপেন করুক এবং রিংকু সিং দলে আসুক। রিংকুর নিজের ওপর ভরসা আছে। কখনও কখনও এমন আত্মবিশ্বাসই ম্যাচের ফল বদলে দেয়।’
বোলিং বিভাগেও একটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন গাভাস্কার। তার মতে, 'রহস্য স্পিনার' খ্যাত আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তীর বদলে দলে নেওয়া উচিত চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। তার ভাষায়, ‘আমি আরেকটি পরিবর্তন চাইব, সেটা হলো কুলদীপ যাদবকে একাদশে আনা। বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাস আপাতত চুরমার হয়ে গেছে বলেই মনে হচ্ছে। সুপার এইট পর্বে তুলনামূলক শক্তিশালী দলগুলির বিপক্ষে সে ধুঁকেছে এবং প্রচুর রান দিয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কুলদীপ ভালো বিকল্প হতে পারে। কারণ সে নিষ্প্রাণ উইকেটেও বল ঘোরাতে পারে।’
এখন দেখার, ফাইনালের একাদশে ভারতের কোচ গৌতম গম্ভীর কোনো পরিবর্তন আনেন কিনা।