জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছে- শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে এমনকি কিছু সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। এমন খবরে বেশ বিরক্ত হয়েছেন গায়ক, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন শিল্পী নিজেই। তিনি বলেন, ‘রাত থেকে ফোন রাখতে পারছি না।অনেকেই ফোন দিচ্ছেন। কী যে ঝামেলায় পড়েছি! আমি সুস্থ আছি, ভালো আছি।’
এ ধরনের গুজব ছড়ানোকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়ানো একেবারেই কাম্য নয়। গুজব ছড়িয়ে পড়ার পর ভক্ত-শ্রোতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে তাঁর খোঁজ নিতে থাকেন।
এর আগে স্বাস্থ্যগত কারণে কয়েকবার আলোচনায় এসেছিলেন হায়দার হোসেন। সর্বশেষ ২০২২ সালের জুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তখন তাঁর হার্টে একটি স্টেন্ট বসানো হয়। এরও আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আরেকবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার হৃদ্পিণ্ডে দুটি স্টেন্ট বসানো হয়েছিল।