যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সহায়তার ইঙ্গিত ইতালির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি আগ্রহ দেখাচ্ছে।

রবিবার (৮ মার্চ) ইতালির পত্রিকা কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে একজন অসাধারণ নেতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি ইতালি ভালোবাসি। মেলোনি একজন দারুণ নেতা এবং আমার বন্ধু। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন।' 

এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোকে ইতালি আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে।

এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ইরানের হামলার ঝুঁকি মোকাবিলায় ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।