বিবাহ-বিচ্ছেদ প্রসঙ্গ

প্রথমবার মুখ খুললেন বিজয়

দক্ষিনী ‍সিনে সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। গত বছর থেকেই শোনা যাচ্ছিল এই তারকার ব্যক্তি জীবন টালমাটাল। মাঝে একবার শোনা গিয়েছিল, ঘর ভাঙছে বিজয়ের। সেই গুঞ্জনই সত্যি হলো। 

বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গমের ২৭ বছরের দীর্ঘ দাম্পত্যে দাঁড়ি পড়তে চলেছে। চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন সঙ্গীতা। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন সঙ্গীতা। বিচ্ছেদ প্রসঙ্গে এত দিন চুপ ছিলেন বিজয়। প্রথমবার নীরবতা ভাঙলেন তিনি। 

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে তার দল টিভিকে’র কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন বিজয়। সেই অনুষ্ঠানেই তার বিবাহ-বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিজয়। তিনি ভক্তদের শান্ত থাকতে অনুরোধ করেছেন। বিজয় জানিয়েছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে যেন কেউ কষ্ট না পায়। তিনি পুরোটা সামলে নেবেন। 

সঙ্গীতা হাইকোর্টে ডিভোর্সের লিখিত পিটিশন জমা করেছেন। তা ছাড়া আদালতে একটি আবেদন করেছেন। সঙ্গীতা আদালতকে জানিয়েছেন, মামলার শুনানি চলাকালীন তিনি যেন তাদের বাড়িতে থাকতে পারেন। তিনি ব্রিটিশ নাগরিক হওয়ায়, এ দেশে তার নিজের কোনো ঠিকানা নেই বলে জানিয়েছেন সঙ্গীতা। সেই সঙ্গে ভরণপোষনের দাবিও করেছেন।