চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি সই করেছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস। রবিবার (৮ মার্চ) বিকেলে বেপজার নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ স্বাক্ষারিত সংবাদ বিজ্ঞপ্তিতে চীনের বিনিয়োগের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে ৮ মার্চ বেপজা কমপ্লেক্স, ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার পক্ষে নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন ও ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জানজিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৪০ লাখ পিছ ফ্লিজ জ্যাকেট, সফট শেল জ্যাকেট, ডাউন জ্যাকেট, কটন কোট, লেদার জ্যাকেট, আন্ডারওয়্যার, টি শার্ট, পলো শার্ট, সর্টস, পার্কাস, কোট, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, উইন্ড প্রুফ জ্যাকেট, ফিসিং স্যুট, হাইকিং স্যুট, ইয়োগা স্যুট, রানিং স্যুট, জিন্স, নীটেড স্যুট, ফোয়াক্স লেদার ক্লদিং, ডীয়ার স্কিন ভেলভেট ক্লদিং, গলফ ক্লদিং, ক্যাজুয়াল শার্ট তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ১৯৮৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নির্বাহী চেয়ারম্যান নতুন এ বিনিয়োগকারীকে বেপজার বিভিন্ন জোনে আরও ভালো মানের বিনিয়োগকারী আকৃষ্ট ও উৎসাহিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে বাংলাদেশের টেকসই শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণ আরও গতিশীল হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাসসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।