ওবায়দুর হত্যা: কাশিয়ানীতে দোষীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চাঞ্চল্যকর ওবায়দুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় গ্রামবাসী।

রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হাতে হাত ধরে দাঁড়িয়ে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। 

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস পার হলেও এখনো পর্যন্ত পুলিশ চার্জশিট দাখিল করতে পারেনি। এমনকি হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদেরও গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেওয়া হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তারা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার একটি সড়কের পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।