বগুড়ার সান্তাহারে ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আজ রবিবার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম, একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু ও কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড় গ্রামের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন চার নারী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বিকেলে বগুড়া আদালতে পাঠানো হয়।