অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সুদহার কমানোর প্রস্তাব ঢাকা চেম্বারের

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানোর প্রস্তাব দিয়েছেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ। গতকাল রবিবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন। তিনি প্রকৃত (অনিচ্ছাকৃত) ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা বৃদ্ধি করার প্রস্তাব করেন। তিনি বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হবে।

তাসকীন আহমেদের বক্তব্যের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বেসরকারি খাত। তিনি আশ্বাস প্রদান করেন, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং শিল্প খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, কারণ দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি বেসরকারি খাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ ছাড়াও বেসরকারি খাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঋণপ্রবাহ বাড়ানোও সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।